নাসিক ৮ নম্বর ওয়ার্ডে সরকারি ডিপ টিউবওয়েল,ব্যাক্তিগত কাজে ব্যবহার এলাকাবাসীর ক্ষোভ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পানির দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী আন্দোলনের পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সাধারণ মানুষের পানি সরবরাহের জন্য সরকারি উদ্যোগে একাধিক গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপন করা হলেও সেগুলোর সুফল পাচ্ছেন না তারা। অভিযোগ রয়েছে, তাঁতখানা-বৌবাজার এলাকায় স্থাপিত দুটি সরকারি ডিপ টিউবওয়েলের পানি সাধারণ মানুষের ব্যবহারের পরিবর্তে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁতখানা-বৌবাজার এলাকায় আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের বাড়িতে সাধারণ মানুষের ব্যবহারের জন্য দুটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এসব টিউবওয়েলের পানি সাধারণ মানুষের জন্য উন্মুক্তভাবে ব্যবহারের সুযোগ নেই।
স্থানীয়দের দাবি, একটি ডিপ টিউবওয়েল গত প্রায় আড়াই বছর ধরে শাহাবুদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে আনোয়ার হোসেনের জায়গায় স্থাপিত আরেকটি ডিপ টিউবওয়েলও প্রায় আট মাস ধরে ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই টিউবওয়েলের পানি বর্তমানে তিনটি পরিবার ব্যবহার করছে।
তাদের মধ্যে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম ও আব্দুল কাসেমের পরিবারের নাম স্থানীয়দের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই টিউবওয়েলটি সকলের ব্যবহারের জন্য বসানো হয়েছিল। আমরা বসে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম—প্রথমে কাসেম সাহেবের বাসার ট্যাংকে পানি তোলা হবে। এরপর বাইরে তিনটি কলের মাধ্যমে সবাই প্রয়োজন অনুযায়ী পানি নিতে পারবেন।”
তিনি আরও বলেন, “প্রথমে সবাই এতে রাজি ছিলেন। পরে সবাই প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পানির সংযোগ দেওয়ার দাবি করেন। কিন্তু ছোট মোটরের মাধ্যমে এভাবে প্রতিটি বাড়িতে পানি দেওয়া সম্ভব নয়। তবে সরকারি টিউবওয়েল থেকে এখনো সবাই পানি নিতে চাইলে আমার কোনো আপত্তি নেই।”
অন্যদিকে শাহাবুদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে সরকারি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত ভাড়াটিয়া বাড়িতে ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আল্লাহ জানেন।” এলাকাবাসীকে পানি দেওয়া হয় না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এসে একটি ব্যবস্থা করব।”
অনুসন্ধানে জানা গেছে, বিগত সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সাবেক কাউন্সিলর রুহুল আমীন মোল্লার মাধ্যমে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে মোট আটটি গভীর নলকূপ স্থাপন করা হয় বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ডিপ টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে—মদিনা বাগে শাওনের বাড়ি, মধুগড় এলাকায় খায়রুজ্জামান স্যারের বাড়ির পাশে মসজিদে, সৈয়দপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ফারুক সাহেবের মাদ্রাসায়, ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদে, ভুঁইয়াপাড়ায় হাজী আব্দুর রহমানের বাড়িতে, আইলপাড়া জামে মসজিদে, এনায়েতনগর শাহী জামে মসজিদে এবং নতুন আইলপাড়ায় আকরাম মিয়ার বাড়িতে।
এদিকে একদিকে সরকারি ডিপ টিউবওয়েল থাকার পরও অন্যদিকে এলাকাবাসীকে পানির সংকটে পড়তে হওয়ায় প্রশ্ন উঠেছে এসব নলকূপের ব্যবস্থাপনা ও জনসাধারণের ব্যবহারের সুযোগ নিয়ে।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থ ও উদ্যোগে স্থাপিত পানির উৎস কোনো ব্যক্তি বা পরিবারের একক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এলাকার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। পাশাপাশি কোন ডিপ টিউবওয়েল কোথায়, কী উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে সেগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে—তা সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পানি সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আপনার মতামত লিখুন