পটুয়াখালীতে পচা-বাসি খাবার রাখায় রেস্তোরাঁ সিলগালা
পটুয়াখালী শহরের তিতাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘চাই পাই’ নামক একটি ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবারে পচন ও ছত্রাক ধরা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
আজ রবিবার (৭ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে খাদ্যের স্বাস্থ্যগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।
পচা ও বাসি খাবার জব্দ
পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে তিতাস মোড়ের ‘চাই পাই’ ফাস্টফুড রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে পচা ও ছত্রাকাক্রান্ত পিৎজা, বার্গার, রুটি এবং বাসি মেয়োনিজ মজুদ অবস্থায় পাওয়া যায়।
আইনি ব্যবস্থা ও সিলগালা
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও অস্বাস্থ্যকর এসব খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। একই সাথে রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের হুঁশিয়ারি
অভিযান শেষে শহরের অন্যান্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক ও সচেতন করা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে তাদের এই ভেজালবিরোধী ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন