শেরপুরে ৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক
শেরপুর পৌর শহরের একটি রাইস মিলের গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলি এলাকার ‘জেবীন রাইস প্রসেসিং’ গোডাউনে এই অভিযান চালানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোডাউন মালিক বোরহান উদ্দিনকে (পিতা: বাবুল মিয়া, গ্রাম: কসবা কাঠগড়) আটক করা হয়েছে।
অভিযানের বিবরণ
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, চাপাতলি এলাকার ওই গোডাউনে সরকারি চালের বস্তা পরিবর্তন করে বেসরকারি বস্তায় স্থানান্তর করা হচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে গোডাউন মালিককে আটক করা হয়।
জব্দকৃত মালামাল
অভিযানে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধারের পাশাপাশি চলতি বছরের জুন মাসের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য গুদামের সিল দেওয়া বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সরকারি ৩০ কেজির বস্তা থেকে চাল পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরার সময় তাদের হাতে বোরহান উদ্দিন ধরা পড়েন।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি চালসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে। চালের পরিমাণ অনেক বেশি হওয়ায় এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞ আদালত নেবেন।”
বর্তমানে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন