আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত পিস্তল-ম্যাগাজিন ও গুলি মসজিদ থেকে উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা মসজিদ থেকে থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানা মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরিফ রাখার তাকের ওপর একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। বিষয়টি তিনি থানার ডিউটি অফিসারকে জানান।
পরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শপিং ব্যাগটি তল্লাশি করে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেন।
পুলিশ জানায়, থানার রেজিস্ট্রার পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত পিস্তলটি গত ৫ আগস্ট ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে একটি।
পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে চলমান অভিযানের মধ্যে কোনো ব্যক্তি গোপনে মসজিদে নামাজ পড়ার অজুহাতে লুণ্ঠিত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি রেখে যেতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে অস্ত্রগুলো মসজিদে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে আড়াইহাজার থানা পুলিশ।
আপনার মতামত লিখুন