গণভোটের রায় মেনে জুলাই সনদ কার্যকর করতে হবে- ড. আহমদ আবদুল কাদের
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
৩ জুলাই ২০২৬, শুক্রবার বিকাল তিনটায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশন শেষে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ পালনে নারায়ণগঞ্জে মাসব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন।
আহমদ আবদুল কাদের বলেন, দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও নানামুখী অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। জনগণ আজ শান্তি ও স্বস্তির পরিবর্তে ভীতি ও উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। দেশের জনগণ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।
ড. আহমদ আবদুল কাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত এবং জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে উক্ত মজলিসে শূরায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান। নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডাঃ শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রমুখ।
আপনার মতামত লিখুন