বন্দরে জশনে জুলুসের প্রস্তুতি: আগামী ২৩ আগস্ট ৯ রবিউল আউয়ালে নেতৃত্ব দিবেন সৈয়দ বাহাদুর শাহ
আগামী ৯ই রবিউল আউয়াল, ২৩ আগস্ট ২০২৬ রোজ রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর থানায় জশনে জুলুস উদযাপিত হতে যাচ্ছে। জশনে জুলুস উদযাপন কমিটি বন্দর থানার উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত জুলুস ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্বদান এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসুল (দ.), ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২৩ আগস্ট রবিবার বিকেল ৩.০০ ঘটিকায় মদনগঞ্জ বটতলা থেকে জশনে জুলুস (মিছিল) শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান প্রাঙ্গণে এসে মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি হবে।
এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বন্দর থানা জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাওসার আশা বলেন, "সৃষ্টিজগতের সর্বশ্রেষ্ঠ আনন্দ ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি কমিটির সভাপতি হিসেবে এ আয়োজন সফল করতে আমার সর্বশক্তি দিয়ে সহযোগিতা করে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, দরবার ও তরিকা পন্থী সকলকে নিয়ে ৯ রবিউল আউয়ালের এ আয়োজনকে সফল করার আহ্বান জানাই।"
কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, মক্কা-মদিনা যাওয়ার আগে সভাপতি আলহাজ্ব আবুল কাওসার আশা এই নির্দেশনা দিয়ে গেছেন। পুরো বন্দরকে জশনে জুলুসের মিছিলের জন্য গেট ও সাজসজ্জা দিয়ে বর্ণিল করে তোলা হবে ইনশাআল্লাহ।
জশনে জুলুস উদযাপন কমিটি বন্দর থানার সভাপতি আলহাজ্ব আবুল কাওসার আশা এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজানের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ ছড়িয়ে দিতে এবং সুন্নী মতাদর্শের ওলামায়ে কেরাম ও তরিকাপন্থী ধর্মপ্রাণ মুসলমানদের একত্রিত করতে পুরো বন্দর থানাকে বর্ণিল সাজে সাজানো হবে। সফল ও সুন্দরভাবে এই ঐতিহাসিক আয়োজন সম্পন্ন করতে বন্দর থানার আহলে সুন্নাত জামাত ও বিভিন্ন দরবার শরীফের নেতাকর্মীসহ সর্বস্তরের সুন্নী জনতার সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন