যারা জুলাইকে বিচ্ছন্ন করে দিতে চায় সময়ের ব্যবধানে তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে- আবদুল জব্বার
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকাল ৫:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, গণভোটের গণরায়কে যারা ইগনোর করবে, বিকৃত করবে সময়ের ব্যবধানে তারা হারিয়ে যাবে।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমত বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, এনসিপি নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শওকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, লেবার পার্টির নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি আব্দুর রহমান প্রমূখ।
বক্তব্যে নেতৃবৃন্দ জুলাই গনহত্যায় জড়িত অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানান।
বক্তব্যে নেতারা জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, মাদক সমস্যার মোকাবিলা এবং একটি গঠনমূলক বাংলাদেশ বিনির্মাণের বিষয়েও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন