ইসলামিক এডুকেয়ার একাডেমির সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক মতবিনিময় সভা
ইসলামিক এডুকেয়ার একাডেমির ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং অভিভাবক মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইউসুফ পাটওয়ারী। সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলামের চমৎকার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাসিক (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ এনায়েতুল্লাহ, মাওলানা মোঃ শাহ আলম এবং জনাব মোঃ সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন বলেন, "ইসলামিক এডুকেয়ার একাডেমি প্রায় এক দশক ধরে অত্র এলাকায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলছে। এখানকার শিক্ষকরা অত্যন্ত যোগ্য এবং পরিশ্রমী। তারা তাদের নিপুণ দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"
শিক্ষার সার্বিক মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন- সচেতন অভিভাবকদের উচিত প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখা। শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের মাধ্যমে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে একটি মজবুত সেতুবন্ধন তৈরি করতে হবে। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে তুলবে এবং আগামী দিনের নেতৃত্ব দিতে সদা প্রস্তুত থাকবে।
আলোচনা ও মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। বিগত সেমিস্টারে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে গৌরব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মুহাম্মদ জামাল হোসাইনসহ আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ।
অভিভাবকদের সক্রিয় উপস্থিতি ও শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন