বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও স্থানীয় শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নবনির্মিত ‘ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়’ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
রবিবার (৩১ মে) বেলা ১১টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টির অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুলদ্দৌলা খান, পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের বিশেষ পরিকল্পনা ও উদ্যোগে এই বিদ্যালয়টি বাস্তব রূপ পেতে শুরু করেছে। বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হলে আশ্রয়ণ প্রকল্প ও আশেপাশের এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের কষ্ট লাঘব হবে। এতে করে বিশেষ করে ছাত্রীদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম বলেন, "বর্তমান সরকারের আমলে আশ্রয়ণ প্রকল্পের মানুষের আবাসনের পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোগডোমা আশ্রয়ণের এই বিদ্যালয়টি চালু হলে অবহেলিত এই এলাকার শিক্ষার মান উন্নয়ন হবে এবং নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে উঠবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, জেলা প্রশাসকের দীর্ঘদিনের স্বপ্ন ও পরিকল্পনার এই বিদ্যালয় আশ্রয়ণ এলাকার মানুষের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন