মাঠ পর্যায়ে সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
নারায়ণগঞ্জ মহানগরীতে মাঠ পর্যায়ে সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৌশল ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন (শুক্রবার) শহরের ‘আন-নূর মিলনায়তনে’ অত্যন্ত সফলভাবে ‘মাঠ পর্যায়ে সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালা’র ৩য় পর্ব সম্পন্ন হয়।
পুরো কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিল হিউম্যান রিসোর্স ডিভিশন, নারায়ণগঞ্জ মহানগরী।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় মাঠ পর্যায়ে সমাজকর্মীদের কাজের মানোন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন। তিনি তার বক্তব্যে সমাজকর্মীদের উদ্দেশ্যে বলেন "সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকাই সবচেয়ে বেশি। দক্ষ ও আন্তরিক সমাজকর্মী গড়ে তোলার মাধ্যমেই একটি আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব।"
তিনি উপস্থিত সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজেদের সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় হিউম্যান রিসোর্স ডিভিশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ নারায়ণগঞ্জ মহানগরীর মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। উপস্থিত কর্মীরা এই ধরনের আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন