নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার রহস্য উদঘাটন: ৩০ মামলার মাদক সম্রাজ্ঞী ফাতেমা ফতেসহ গ্রেফতার ৪
নারায়ণগঞ্জ শহরের আলোচিত শুভ চন্দ্র দাস হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ৩০টির বেশি মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী ফাতেমা বেগম ওরফে ফতেসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর থানাধীন হকার্স মার্কেটের পিছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শ্রী শুভ চন্দ্র দাস (৩০), পিতা- শ্রী হরি চন্দ্র দাস, সাং- গলাচিপা, থানা- সদর, নারায়ণগঞ্জ এর গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা নং-০৮, ধারা- ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।
ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম তদন্তে নামে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সুমন নামে এক আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে নরসিংদী থেকে ধিমন নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ ২৮ সেপ্টেম্বর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন কলাবাগ জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি অনিকের মা ফাতেমা বেগম ফতেসহ ৪ জনকে গ্রেফতার করে ডিবি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া ফতে বক্তাবলী ঘাটের পাশে ৫ শতক জমি ক্রয় করেছিলেন। পরবর্তীতে একটি মামলায় জামিনের শর্তে নিহত শুভ সেখান থেকে ৩ শতক জমি নেয়। সেই পূর্ব শত্রুতার পাশাপাশি সম্প্রতি ফতের বাসায় মাদকবিরোধী পুলিশি অভিযানের জন্য শুভকে সন্দেহ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু ও আসামি বিশুর রিকশা চালনার প্রমাণপত্র উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন