দুমকীতে র‌্যাব-৮ এর অভিযান: ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবার পটুয়াখালীর দুমকীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ শুক্রবার (০৫ জুন) সকালে উপজেলার লেবুখালী পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র বিক্রির উদ্দেশ্যে গাঁজার একটি বড় চালান বহন করছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের একটি চৌকস আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশী কার্যক্রম শুরু করে।
তল্লাশিকালে জনৈক মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা একটি লাগেজ থেকে কস্টেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ০৮ (আট) কেজি ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটক সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অপর সহযোগী জামাল মৃধাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
১. মোঃ সুমন হাওলাদার
২. জামাল মৃধা
র্যাব জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে পটুয়াখালীর দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজাসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-৮ এর কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূল করতে তাদের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিরলসভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন