নারায়ণগঞ্জে নবীনবরণ নিয়ে উত্তেজনা: প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সরকারি তোলারাম কলেজে আগামীকাল শুক্রবার (০৮ মে) অনুষ্ঠিতব্য ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস রাজনীতি। অনুষ্ঠান আয়োজন, রাজনৈতিক প্রভাব এবং অতিথি নির্বাচন নিয়ে কলেজ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রসংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, নবীনবরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের বক্তব্য রাখা, উপস্থাপনা এবং সামগ্রিক প্রক্রিয়ায় কলেজ প্রশাসন একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ক্যাম্পাসে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জেলা আহ্বায়ক মাহফুজ খান, মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ (ফারাবী), মহানগর সদস্য সচিব জহিরুল ইসলামসহ কলেজ শাখার সমন্বয়কবৃন্দ।তোলারাম কলেজ শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জুহায, সাংগঠনিক সম্পাদক মো. তামিম ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখা সভাপতি শাহ মোহাম্মদ ছগির।এছাড়াও সংহতি প্রকাশ করেন ইসলামী ছাত্র মজলিস কলেজ শাখার সভাপতি মুহাম্মদ সিয়াম।
অভিযোগের প্রেক্ষিতে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে এই কলেজের ৪ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সবার সম্মতিতে এই নবীনবরণ আয়োজন করা হচ্ছে।
নারায়ণগঞ্জের ১ ও ৫ আসনের সংসদ সদস্যকে দাওয়াত দেওয়া এবং ৪ আসনের সংসদ সদস্যকে বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন "নারায়ণগঞ্জ-১ আসনের এমপি চেম্বার অফ কমার্সের সভাপতি এবং আমাদের কলেজটি নারায়ণগঞ্জ-৫ আসন এলাকায় অবস্থিত। ফান্ডিং স্বল্পতার কারণে আপাতত সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে জেলার সকল এমপিকে আমন্ত্রণ জানানো হবে।"
এদিকে ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব অন্য সংগঠনগুলোর অভিযোগকে নাকচ করে দিয়েছেন। তিনি বিরোধী সংগঠনগুলোকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করে বলেন, "নবীনবরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। তবে ছাত্রশক্তির আড়ালে শিবিরের 'বি-টিম' বা কোনো গুপ্ত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।" তিনি অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার ছুটির দিনে এই অনুষ্ঠান কতটুকু সফল হবে এবং রাজনৈতিক উত্তেজনা কোনো সংঘাতের রূপ নেবে কি না—তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন