সিদ্ধিরগঞ্জে জাল দলিলে জমি দখলের মহোৎসব: নেপথ্যে ভূমিদস্যু গোলাপ চক্র, ভুক্তভোগীদের আর্তনাদ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাধারণ ও সরল মানুষকে জিম্মি করে মিথ্যা ও জাল দলিল তৈরির মাধ্যমে জমি দখল করে নেওয়ার এক অভিনব উৎসব শুরু হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু হওয়া এই ভূমিদস্যুতা বর্তমান সময়েও সমানতালে চলছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও এই চক্রের কোনো পরিবর্তন হয়নি; বরং ক্ষমতার চাবিকাঠি বদলের সাথে সাথে এরাও নিজেদের খোলস বদলে বুক ফুলিয়ে বেড়াচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, এই চক্রের মূল হোতা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতান পাড়া এলাকার হাজী মোঃ ইসমাইল মিয়ার ছেলে মোঃ গোলাপ (৫৯) ও তার সহযোগী (গং)। দীর্ঘদিন ধরে এই চক্রটি সিন্ডিকেটের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি টার্গেট করে ভুয়া কাগজপত্র ও জাল দলিল তৈরি করে আসছে। পরবর্তীতে সেই জাল দলিলের জোরে পেশিশক্তি ব্যবহার করে জমি দখলে নেয় তারা।
যখন যে সরকার, তখন তাদের লোক:
স্থানীয়দের অভিযোগ, এই ভূমিদস্যু চক্রটির কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই। এদের একমাত্র আদর্শ হলো ক্ষমতার দাপটে মানুষের জমি গ্রাস করা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী দালাল চক্রকে হাত করে কোটি কোটি টাকার জমি অবৈধভাবে দখল করেছে। আর বর্তমান প্রেক্ষাপটে রাতারাতি খোলস বদলে এখন তারা বিএনপির নামধারী কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী দালাল চক্রকে ম্যানেজ করে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
চক্রটির ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা, হামলা ও নানামুখী হয়রানির শিকার হতে হয়। ভুক্তভোগীদের দাবি, "আমাদের কষ্টের অর্জিত জমি বা পৈতৃক সম্পত্তি মিথ্যা কাগজ বানিয়ে তারা দখল করে নিচ্ছে। যখন যারাই ক্ষমতায় আসে, তাদের পকেটে পুরে এরা এই অপকর্ম চালায়। আমরা অসহায়, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।"
অভিযুক্ত মোঃ গোলাপ (৫৯), পিতা- হাজী মোঃ ইসমাইল মিয়া, সাং- মিজমিজি বাতান পাড়া, পোঃ মিজমিজি-১৪৩০, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ—এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন