টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন : সদস্য সচিব হলেন কামাল উদ্দিন
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ১৪ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে সাত সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আবদুল্লাহ আল নোমান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এদিকে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী কামাল উদ্দিনকে কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়েছে। তাঁর এ মনোনয়নে টেকনাফের ক্রীড়াঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে এবং খেলাধুলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
ক্রীড়ামোদীদের মতে, নবগঠিত এ কমিটির মাধ্যমে টেকনাফে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার মতামত লিখুন