সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে—তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মনোনয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভূয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশে প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রোববার সংসদে বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোঃ আবদুল আলীমের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী বলেন, ভূয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে এআই প্রশিক্ষণে ন্যারেটিভ তৈরি, তথ্যের বিষয়ে নীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিমাসে ঢাকার বাইরে ৪টি এবং ঢাকায় ২টি কর্মশালা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। পাশাপাশি, প্রতিমাসে ঢাকার সাংবাদিক নেতাদের নিয়ে ন্যূনতম একটি কর্মশালার আয়োজন করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা হয়েছে। ফ্যাক্ট-চেকিং সংস্থা, মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সভা ও সেমিনার আয়োজনের প্রস্তুতিও চলছে।
তিনি আরও জানান, ভূয়া সংবাদ ও অপসম্প্রচার রোধে বর্তমান সরকারের সময়ে তথ্য অধিদপ্তর থেকে ২২টি ফটোকার্ড এবং গুজব প্রতিরোধ বিষয়ক ১০টি তথ্য বিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন