কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা: চালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় কাজী জাফর (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকালে উপজেলার আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাজী জাফর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-২০-৬৫৭৫) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আমজাদের বাজার এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) নাজিম উদ্দিন বলেন, “চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটি বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এস.আই নাজিম উদ্দিন।
এদিকে, মহাসড়কে প্রায়ই এমন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা। তারা বলছেন, মহাসড়কে বিকল যানবাহন দীর্ঘ সময় কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই দাঁড়িয়ে থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে মহাসড়কে বিকল যানবাহন দ্রুত অপসারণ এবং সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন