"জুলাই শহীদ দিবসে" শহীদের কবর জিয়ারত করেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা
১৬ জুলাই "জুলাই শহীদ দিবস" উপলক্ষে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে শহীদ হওয়া শহীদ মাবরুর হোসেন রাব্বির কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের নেতৃত্বে কবর জিয়ারতে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, দারুল হুদা দাখিল মাদ্রাসা সভাপতি নাজিম হাসান স্বপ্ন, সাইয়্যেদাইন আব্দুল্লাহ, মুহাম্মদ রাসেল প্রমুখ।
জিয়ারত পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ বলেন, "জুলাই শহীদ দিবস আমাদের আত্মত্যাগ, ন্যায়বিচার ও আদর্শিক দৃঢ়তার এক অনন্য স্মারক। শহীদ মাবরুর হোসেন রাব্বিসহ সকল শহীদের আত্মত্যাগ আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। কোনো জাতি তার শহীদদের ভুলে গেলে সে জাতি তার ইতিহাস, আদর্শ ও ভবিষ্যৎকে দুর্বল করে ফেলে। তাই শহীদদের স্মরণ করা শুধু আবেগের বিষয় নয়; বরং তাদের আদর্শ, সততা, সাহস ও আত্মত্যাগের চেতনাকে নিজেদের জীবনে ধারণ করাই তাদের প্রতি প্রকৃত সম্মান।"
তিনি আরও বলেন, "তরুণ সমাজকে জ্ঞান অর্জন, চরিত্র গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সকল প্রকার সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণ করে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
আলোচনা শেষে শহীদ মাবরুর হোসেন রাব্বিসহ জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন