নরসিংদী জেলা জামায়াতের কমিটি বিলুপ্ত: ১৮ নেতার পদ বাতিল, বহিষ্কার ১
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার বর্তমান কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (২০ এপ্রিল) নরসিংদী জেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “আমি এখনও আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের কোনো লিখিত কপি পাইনি। তবে সাবেক জেলা আমিরের বরাতে জেনেছি, কমিটি স্থগিত করা হয়েছে।”
জানা গেছে, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার প্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা জামায়াতের বর্তমান কমিটির মোট ১৮ জন নেতার পদ একযোগে বাতিল করা হয়েছে। শুধু পদ বাতিলেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং জেলা সেক্রেটারি আমজাদ হোসেনের ক্ষেত্রেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পদ এবং রুকনিয়াত—উভয়ই বাতিল করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্রগুলো বলছে, শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে সঠিক ধারায় ফিরিয়ে আনতেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন জেলা কমিটি গঠন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি নরসিংদী জেলার সাংগঠনিক কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণ করবে।
আপনার মতামত লিখুন