মৃত্যুদণ্ড মাথায় নিয়েও দেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা: দাবি আ.লীগ নেতাদের
গণ-অভ্যুত্থানের পর ভারত অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান বলে দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা। তাঁদের ভাষ্য, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও তিনি দেশে ফিরতে প্রস্তুত এবং এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার এই অবস্থানের কথা জেনেছেন। ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে ১৫ আগস্টের আগেই ট্রাভেল পাসের আবেদনসহ যাবতীয় আইনি প্রক্রিয়া শুরুর ইঙ্গিত পাওয়া গেছে। দলীয় প্রধানের এমন বার্তাকে তৃণমূলের মনোবল ফেরাতে এবং দল পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখছেন অনেকে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “তিনি যেভাবে ভারত গিয়েছেন, সেভাবেই বীরদর্পে ফিরবেন। তাকে স্বাগত জানাতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তিনি বলেন, “দেশে ফিরবেন—এমন বিশ্বাসযোগ্য পরিস্থিতি এখনো তৈরি হয়নি। নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই এমন বার্তা দেওয়া হচ্ছে।”
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এছাড়া গুম-খুন ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, দেশে ফিরলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলার মোকাবিলা করতে হবে।
আপনার মতামত লিখুন