ইসলামি আন্দোলন নেতা বুলবুল হত্যার নিন্দা ও দোষীদের শাস্তি দাবি মহানগর জামায়াতের
বন্দর থানার ২১ নং ওয়ার্ড সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসী সিফাত বাহিনী কর্তৃক কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ, তীব্র ধিক্কার ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকালে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় বলেন, "প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে হত্যা করা চরম বর্বরতা। নারায়ণগঞ্জ বন্দর এলাকা আজ চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ধসে পড়েছে।"
আবদুল জব্বার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অপরাধীদের কোনো ছাড় নেই। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রক্তচোষা এই ঘাতকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
বিবৃতিতে নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানান এবং কালক্ষেপণ না করে জড়িতদের গ্রেপ্তার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।
আপনার মতামত লিখুন