উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় বীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাপূর্ণ প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই সরকার শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে।
পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন