সরকারি তোলারাম কলেজের পক্ষ থেকে হাজীগঞ্জের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজের পক্ষ থেকে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ ক্যাম্পাসে শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই শহিদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোহাম্মদ মঈনুল আশরাফ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যরা আবেগঘন স্মৃতিচারণ করেন। উপস্থিত ছিলেন শহিদ মানিক মিয়ার পিতা মো. আনিস চৌধুরী, শহিদ মেহেদী হাসান নাঈমের মাতা নাসিমা বেগম এবং শহিদ মাহাদি হাসান পান্থের বড় ভাই মো. মেরাজ হোসেন। তাঁদের বক্তব্যে আন্দোলনের দিনগুলোর স্মৃতি, আত্মত্যাগ ও স্বজন হারানোর বেদনা উঠে আসে।
এ সময় শহিদ মেহেদী হাসান নাঈমের মাতা নাসিমা বেগম বলেন, তাঁর সন্তান আন্দোলনে শহিদ হলেও এখনও সরকারি গেজেটে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি। তিনি দ্রুত গেজেটে তাঁর সন্তানের নাম অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়বিচারের পথে অনুপ্রাণিত করবে।
সবশেষে শহিদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন