নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে দুই ঘণ্টা অবরোধ, তীব্র যানজট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল ও ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিএনজি-অটোরিকশাচালকসহ সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা দাবি করেন।
এ সময় ভুক্তভোগী এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকেরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
এ বিষয়ে এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, “আজ অটোরিকশাচালকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলেছি এবং আশ্বস্ত করেছি। আমার কথা তারা শুনেছেন। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে তারা অবরোধ তুলে নিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি বিষয়টি মাননীয় এমপি সাহেবকে জানিয়েছি। কাজটি কীভাবে নির্ধারিত সময়ের আগেই শুরু করা যায়, সে বিষয়টি তিনি দেখবেন।”
এদিকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “আজকের ঘটনাটি আমি শুনেছি এবং বিষয়টি পর্যবেক্ষণ করছি। এই সড়কের প্রায় সাড়ে ৭ কোটি টাকার কাজের ওয়ার্ক পারমিট হয়ে গেছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে, ইনশাআল্লাহ, কাজ শুরু করতে পারব বলে আশা করছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভিন্ন অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুন মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে এবং কাজ শুরু করা হবে।”
পরে এমপির রাজনৈতিক সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে আসে।
আপনার মতামত লিখুন