হ্নীলায় স্বপ্ন আউটলেটের শুভ উদ্বোধন
টেকনাফের ঐতিহ্যবাহী হ্নীলা বাসস্টেশনে দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর নতুন আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় হ্নীলা বাসস্টেশনের বিসমিল্লাহ হোটেলের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক ও নান্দনিক পরিবেশে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় ক্রেতাদের জন্য মানসম্মত ও অভিজাত পণ্য সুলভ মূল্যে সরবরাহের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এই আউটলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন হ্নীলা আল জামেয়া আল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ক্বারী মোখতার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আহমদ মেম্বার, স্বপ্নের জোনাল ম্যানেজার কামরুল হাসান, হোয়াইক্যং মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক আবুল কাশেম, হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুবকর আল মাসুদ, সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হ্নীলার মতো গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকায় স্বপ্ন-এর আউটলেট চালু হওয়ায় স্থানীয় মানুষ এখন এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় ও মানসম্মত বিভিন্ন পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে ক্রয়ের সুযোগ পাবেন।
উপস্থিত অতিথিরা নতুন আউটলেটের সফলতা কামনা করে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, এই আউটলেট স্থানীয় মানুষের আস্থা অর্জনের পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন