নারায়ণগঞ্জ মহানগর আইবিডব্লিউএফ-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগর ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় শহরের ‘ড্রিঙ্ক এন্ড ডাইন’ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর আইবিডব্লিউএফ-এর সভাপতি আব্দুস সাত্তার আনসারীর সভাপতিত্বে ও সহ সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাইদ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারোয়ার সাইদ আইবিডব্লিউএফ-এর সদস্য হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে অনেক সংগঠন থাকলেও অধিকাংশ সংগঠনই ব্যবসার উন্নয়নে কোনো প্রকার সহযোগিতা করে না। কিন্তু আমাদের সংগঠন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা প্রদান করে।” তিনি বর্তমান কর ব্যবস্থার সমালোচনা করে বলেন, “সরকার ব্যবসায়ীদের সহযোগিতা না করে দিন দিন ট্যাক্স বাড়াচ্ছে। আমরা চাই এদেশের প্রতিটি তরুণ উদ্যোক্তা হয়ে উঠুক। বর্তমান বাজেট দিয়ে নতুন ব্যবসায়ী তৈরি হওয়া কঠিন। তাই নাগরিক সমাজ যে পরিমাণ ট্যাক্স দেয়, তার বিনিময়ে তাদের স্বার্থ রক্ষায় আমরা নিরলস কাজ করে যাবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যবসায়ীদের দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট গবেষক, লেখক এবং আইবিডব্লিউএফ কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম। তিনি ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে ৮টি মূল পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সৎ ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের সামাজিক ও আর্থিক অবস্থার উন্নয়ন এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি আমরা আখেরাতের দাওয়াত ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে আইবিডব্লিউএফ বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় কমিটি ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান এবং এএফএম ওবায়দুল্লাহ। বক্তারা দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান এবং সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর থানার সভাপতি সালাউদ্দিন আহমেদ, বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহিন, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি এম সাইফুল ইসলাম প্রমূখ।
পরিশেষে, ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন