র্যাবের ওপর সশস্ত্র হামলা: প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের ওপর বর্বরোচিত ও সশস্ত্র হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি, এলাকার শীর্ষ সন্ত্রাসী ও শুটার গিট্টু রিপন (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব।
১৪ জুলাই ২০২৬ তারিখ ভোর ০৫:০০ ঘটিকায় র্যাব-১১ (সদর কোম্পানি) এবং র্যাব-১৫ (কক্সবাজার) এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত গিট্টু রিপন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর (দাতা সড়ক) এলাকার হারুনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ০৫ মে ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার গোপন সংবাদ সংগ্রহে যায় র্যাব -১১ এর একটি গোয়েন্দা দল। সে সময় সন্ত্রাসী গিট্টু রিপন তার বাহিনী নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ০৩ জন র্যাব সদস্যকে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হলে গিট্টু রিপন এজাহারনামীয় ২ নম্বর আসামি হিসেবে পলাতক ছিল।
তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিট্টু রিপন মূলত ফতুল্লা ও মাসদাইর এলাকার ত্রাস ‘কিলার জাহিদ বাহিনী’র অন্যতম প্রধান শুটার এবং সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
মাদক সাম্রাজ্য: মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণ করত সে।
মামলার পাহাড়: গ্রেফতারকৃত গিট্টু রিপনের বিরুদ্ধে ইতিপূর্বেও হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনেরও বেশি মামলা রয়েছে।
র্যাব জানায়, 'বাংলাদেশ আমার অহংকার' স্লোগানকে সামনে রেখে অপরাধ দমনে র্যাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি গিট্টু রিপনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন