ফতুল্লায় 'মানবিক বাজার' ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: অভিযুক্ত আলী আহাম্মদ লাপাত্তা, তীব্র ক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় 'মানবিক বাজার' ও ফ্যামিলি কার্ড দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত বিতর্কিত ব্যক্তি আলী আহাম্মদের বিরুদ্ধে।
হাজার হাজার টাকা আত্মসাৎ করে বর্তমানে লাপাত্তা অভিযুক্ত আলী আহাম্মদ। প্রতারণার শিকার হয়ে দিন এনে দিন খাওয়া বহু মানুষ এখন নিঃস্ব, যার ফলে পুরো এলাকাজুড়ে বইছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সস্তাপুর ও কায়েমপুর বটতলা এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোকে লক্ষ্য করে প্রতারণার জাল বিস্তার করেছিল আলী আহাম্মদ। সরকারি সুবিধা ও সস্তায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কার্ড নিবন্ধনের নামে সে প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়।
কায়েমপুর বটতলা এলাকার ভুক্তভোগী মিসির আলী ক্ষোভ প্রকাশ করে জানান, "আলী আহাম্মদ আমাদের বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কিছুদিন ঘুরানোর পর এখন সে সম্পূর্ণ লাপাত্তা। আমরা দিনমজুর মানুষ, কষ্টার্জিত টাকা এভাবে ধোঁকা দিয়ে নিয়ে যাবে—এটা মেনে নেওয়া যায় না।"
একই এলাকার আরেক ভুক্তভোগী ফাতেমা বেগম আকুতি জানিয়ে বলেন, "সংসারের একটু কষ্ট কমবে ভেবে ধার-দেনা করে টাকা দিয়েছিলাম। এখন জানতে পারছি কার্ড তো দূরের কথা, টাকা নিয়েই সে চম্পট দিয়েছে। আমরা এখন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে গেছি।"
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক প্রভাব ও নানা ছলাকলার আশ্রয় নিয়ে আলী আহাম্মদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। প্রতারক আলী আহাম্মদকে দ্রুত গ্রেফতার, খোয়া যাওয়া টাকা উদ্ধার এবং তার কঠোর শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আপনার মতামত লিখুন