অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রহিম মার্কেট বটতলা এলাকায় ইসলামিক এডুকেয়ার একাডেমির ১০ম বর্ষপূর্তি ও হিফজ বিভাগের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “আজ আমরা আমাদের সন্তানদের নতুন করে বিনির্মাণের চেষ্টা করছি। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ—সব জায়গা থেকেই সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।”
ফিলিস্তিনের শিশুদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই—যখন ফিলিস্তিনের বাচ্চাদের ওপর হামলা হচ্ছে না। অসংখ্য শিশু ও মা হত্যার শিকার হচ্ছেন।” এ সময় তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে ফিলিস্তিনকে জালিমদের হাত থেকে রক্ষা করার ফরিয়াদ জানান। একই সঙ্গে বায়তুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
সন্তানদের লালন-পালনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, “সন্তানদের শারীরিকভাবে শাস্তি না দিয়ে ভালোভাবে বুঝিয়ে এবং যথাযথ প্যারেন্টিংয়ের মাধ্যমে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।” তিনি ভালো মা-বাবা হয়ে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আবু ইউসুফ পাটওয়ারীর তত্ত্বাবধানে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। তিনি বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি বলেন, “সন্তানের প্রথম পাঠশালা মূলত পরিবার।” এ সময় অভিভাবকদের পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি হিফজ বিভাগের নতুন ভবনের কাজ শুরু হয়েছে জানিয়ে এর সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন।
তিনি শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে হবে। শুধু উচ্চশিক্ষিত হলেই মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিকতা তৈরি হয় না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের মানবিক ও নৈতিক মূল্যবোধ শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ফেরদৌস।মোঃ মাহাবুব আলম, প্রফেসর মোঃ আব্দুজ জাহের,মোঃ মজিবুর রহমান হাওলাদার, এ.বি.এম সাইফুর রহমান, মোঃ আনিছুর রহমান ভূইয়া, মোঃ শাহাআলম,হাজি মোঃ ইব্রাহিম, রেদোয়ান হোসেন পাপ্পু প্রমুখ।
আয়োজকরা জানান, আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে ইসলামিক এডুকেয়ার একাডেমি। প্রতিষ্ঠার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা হামদ, নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন