পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযান: এলএ শাখায় দালালি করার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের অর্থ উত্তোলন প্রক্রিয়ায় দালালচক্রের অনুপ্রবেশ ও হয়রানি প্রতিরোধে চালানো এক অভিযানে তিন মাসের কারাদণ্ড পেয়েছেন এক দালাল। একই সাথে তাকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট পরিচালনাকালে তাকে এই সাজা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পটুয়াখালী জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদানের পর থেকেই ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জেলা রাজস্ব প্রশাসনের কার্যক্রমে গতি বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন এবং সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ এলএ শাখায় মোবাইল কোর্ট পরিচালনার সময় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
আটককৃত ব্যক্তি অফিস চলাকালীন সার্ভেয়ারদের কক্ষে অবস্থান করছিলেন। সেখানে তার উপস্থিতির কারণ এবং সংশ্লিষ্ট এলএ মামলার বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন।
তার স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি অধিগ্রহণসহ সকল সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ এবং দালালি ও হয়রানি বন্ধে এই ধরনের নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন