নারায়ণগঞ্জে অপসাংবাদিকতার অভিযোগে 'ভেজাইল্লা সুলতান' আটক, মুচলেকা দিয়ে মুক্ত
নারায়ণগঞ্জ নদী বন্দর ভবনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ এবং সাংবাদিকতার নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে মো. সুলতান মাহমুদ (স্থানীয়ভাবে 'ভেজাইল্লা সুলতান' নামে পরিচিত) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তিনি নিজের ভুল স্বীকার করে এবং লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) দিয়ে মুক্তি পান।
সোমবার (২০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের বন্দর ভবনে এই ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সুলতান মাহমুদ তাঁর অপরাধ স্বীকার করেন এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
লিখিত অঙ্গীকারনামায় মো. সুলতান মাহমুদ উল্লেখ করেন যে তিনি সাংবাদিকতার প্রচলিত নিয়ম ও নীতিমালার বাইরে গিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি উপস্থিত সবার সামনে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। ভবিষ্যতে তিনি আর কখনো এ ধরনের অপসাংবাদিকতা কিংবা আইন ও নিয়মবহির্ভূত কোনো কাজে লিপ্ত হবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকতার মতো একটি দায়িত্বশীল পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপসাংবাদিকতা করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও এমন অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
আপনার মতামত লিখুন