মহিপুরে দেড় কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পটুয়াখালীর মহিপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (০৯ জুন) বিকেলে মহিপুর টিএন্ডটি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ ইব্রাহিম হাওলাদার (৫২) এবং তার স্ত্রী মোসাঃ পারভীন বেগম (৪২)। তারা উভয়েই মহিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি বিশেষ অভিযানিক দল গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে মহিপুর টিএন্ডটি অফিসের সামনে অভিযান চালায়। এ সময় সেখানে গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে ওই দম্পতিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৬,৪০০ (ছত্রিশ হাজার চারশত) টাকা উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন