৩ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মামুন ফকির গ্রেফতার
মাদক মামলার ৩টি ওয়ারেন্টভুক্ত (গ্রেফতারি পরোয়ানা) পলাতক আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোঃ মামুন ফকিরকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (০৪ জুন) পটুয়াখালী সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারীকখালি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মামুন ফকিরের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনি প্রক্রিয়া এড়াতে পলাতক ছিল। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়।
পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে। জেলাজুড়ে মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন