স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা চেয়ে রাজপথে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব
তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৭ জুন) বিকেলে আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের প্রেক্ষাপট ও দাবি
বিকাল ৫টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসা। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এনামুল হক রাশেদীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ তাফসির, পত্রিকার উপ-সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং স্টাফ রিপোর্টার মো. এনামুল হক রাশেদী।
সাংবাদিকদের বক্তব্য ও প্রতিক্রিয়া
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির সংবাদটি জনস্বার্থ সংশ্লিষ্ট এবং তথ্যভিত্তিক অনুসন্ধানের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। সংবাদের তথ্যগত জবাব না দিয়ে একজন কথিত মাদক ব্যবসায়ীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের একটি বিপজ্জনক দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। অনুসন্ধানী সাংবাদিকতার জবাব মামলা বা ভয়ভীতি প্রদর্শন করে দেওয়াটা সংবিধানস্বীকৃত সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী।
কর্তৃপক্ষের প্রতি আহ্বান
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বক্তারা।
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় এবং সাংবাদিকদের ওপর হয়রানি বন্ধে দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, স্যাটেলাইট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন