নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে মাওলানা আবদুল জব্বারের নাম ঘোষণা জামায়াতের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
১৯ জুন, ২০২৬ (শুক্রবার) সকালে নারায়ণগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "সব বাধা উপেক্ষা করে আমরা বাংলাদেশে অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ করব। সৎ নেতৃত্ব কায়েম করব। নেতাদের কপাল বড় করার জন্য বা গড়ার জন্য নয়, বরঞ্চ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।"
নারায়ণগঞ্জ মহানগরীর বর্তমান প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, "এই নারায়ণগঞ্জ মহানগরীতে আমরা দাবি করি অনতিবিলম্বে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক।"
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জামায়াতের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করে বলেন, "আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে ক্যান্ডিডেট দেবে। আজ আপনাদের কাছে আমরা এমন একজন মানুষ উপহার দিয়ে যাচ্ছি— যিনি কিশোর জীবন থেকে তিলে তিলে সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে স্বপ্নে মানুষের কল্যাণ। আমরা সেই আপনাদের প্রিয় মানুষ, প্রিয় জননেতা মাওলানা আবদুল জব্বারকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছি।"
এই ঘোষণার সাথে সাথে সম্মেলনস্থলে উপস্থিত হাজারো কর্মী-সমর্থক হাত তুলে এবং তাকবির ধ্বনি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
সুস্থ ও অবাধ রাজনৈতিক পরিবেশের তাগিদ দিয়ে জামায়াত নেতা আরও বলেন, "অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরও অনেকে করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। রাজনীতির সুস্থ ময়দানে, গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন যেন হয়। আগামীতে যেন কোনো চুরি-ডাকাতি না হয়, ভোট জালিয়াতি না হয়, হুমকি-ধমকি দেওয়া না হয়, কালো টাকার ছড়াছড়ি না হয়, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং না হয়।"
সুষ্ঠু নির্বাচন হলে জনগণের সঠিক প্রতিফলন ঘটবে আশা ব্যক্ত করে তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী একজন সৎ, দক্ষ, যোগ্য ও আল্লাহভীরু মানুষকে ইনশাআল্লাহ তাদের নেতা হিসেবে নির্বাচিত করবে।"
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও ঘোষিত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন