বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান - আবদুল জব্বার
নারায়ণগঞ্জে 'জুলাই সনদ' বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ১৮ জুলাই শনিবার সন্ধায় এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে হলে 'জুলাই সনদ' পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।"
তিনি আরও বলেন, "দেশ থেকে জুলুম-নির্যাতন হটিয়ে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আমাদের অবিচল থাকতে হবে। ঈমানদার জনতা কখনোই কোনো অন্যায় ও অপশক্তির কাছে মাথা নত করবে না।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান মিয়াজী, জেলা ইউনিট সদস্য, মোঃ সাইফুল্লা কামাল, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি এনামুল হক।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন এবং একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।
কুতুবপুর ৯নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন বেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের শপথ নিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন