লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর প্রতিনিধি সম্মেলন
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য — মজিবুর রহমান ভুঁইয়া
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’
কুমিল্লার লাকসামে সেক্টর প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুইয়া।
তিনি আরও বলেন, দেশের শাসকরা যদি সৎ ও জবাবদিহিমূলক হতেন, তবে শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার পেতেন। দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি শ্রমিক হলেও তারা আজও নানা অধিকার থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন, দরিদ্র মানুষের প্রাপ্য বিভিন্ন সরকারি সহায়তাও অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত।
মজিবুর রহমান ভুইয়া বলেন, আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংগঠিত শ্রমিক সমাজ নিজেদের সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়নেও আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দুনিয়াবি কল্যাণের পাশাপাশি আখেরাতের সফলতার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে।
তিনি আগামী দিনে শ্রমিকবান্ধব রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় দেশের সব পর্যায়ের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৪ জুলাই) লাকসামের পশ্চিমগাঁও সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ কে এম শাহআলম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইন উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, জেলা ট্রেড ইউনিয়ন প্রতিনিধি শহিদ উল্লাহ, লাকসাম উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি রফিকুল হোসেন, উপজেলা রিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন