অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব- আবদুল জব্বার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ ১৯ জুলাই, ২০২৬ (রবিবার) এক বৃহৎ বিনামূল্যে (ফ্রী) চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর এবং নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা আবদুল জব্বার।
৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং সিদ্ধিরগঞ্জ দক্ষিণ শাখার নায়েবে আমীর মোঃ আব্দুল গফুরসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন "মানবসেবা ইসলামের অন্যতম মূল শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজ সমাজের অন্ধকার দূর করতে এবং মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
উক্ত ফ্রী চক্ষু শিবিরে এলাকার শত শত চক্ষু রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা, পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে ৭নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ মোশাররফ হোসেন জানান, এলাকার সাধারণ ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের কল্যাণে আগামীতেও এ ধরনের ফ্রী চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন