গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ১ লাখ টাকা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভাটেরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঘনাঘাট জোনাল অফিস। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী মাহমুদুল্লাহ এবং গজারিয়া থানা পুলিশের সদস্যরা।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, উপজেলার বালুয়াকান্দি ও ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে একাধিক অবৈধ গ্যাস সংযোগের সোর্স লাইন শনাক্ত করা হয়। পরে এসব সংযোগ বিচ্ছিন্ন (কিলিং) করা হয়।
অভিযানের অংশ হিসেবে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি পরিত্যক্ত চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া তেতৈতলা গ্রামে একটি বেকারির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জাতীয় সম্পদের অপচয় রোধ এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন