সংঘাত নয়, সম্প্রীতির সমাজ গঠনে দিরাই পিএফজির সভা অনুষ্ঠিত
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় পিএফজি এই সভার আয়োজন করে।
দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর সভাপতিত্বে এবং পিএফজি’র সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা।
সভায় বক্তারা পিএফজির কার্যক্রমের ওপর আলোকপাত করে বলেন, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে পিএফজি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হলো—গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করা এবং একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা রোধেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী সেপ্টেম্বর মাসে ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা, পিস ইভেন্ট এবং ওয়াইপিএজি’র (YPAG) ফলো-আপ সভার আয়োজন করা হবে।
পরিকল্পনা সভায় আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য শাহ আলম, আলী আহমদ খান, সালাহ উদ্দিন তালুকদার, সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমদ, মজিদা খাতুন, শাম্মি আক্তার, সুলতানা রাজিয়া, লিলি বেগম, রুপিয়া বেগম, হাফসা বেগম, পারভীন বেগম; ওয়েভ সদস্য ফরিদা আক্তার, অপি সরকার, রাহেলা বেগম এবং ওয়াইপিএজি’র লিপিকা বর্মন ও দূরপতি নন্দী প্রমুখ।
বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক সমস্যা দূর করে দিরাই উপজেলায় দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন