বন্দরে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্
নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩ আগষ্ট রবিবার বিকালে বন্দর মদনগঞ্জ বটতলা থেকে বর্ণাঢ্য র্যালী করে নবীগঞ্জ কবরস্থান এসে জশনে জুলুস ও আলোচনা সভা মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন ও আদর্শ অনুসরণের মধ্যেই মানবজাতির প্রকৃত মুক্তি নিহিত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন অসংখ্য নারী-পুরুষ 'ত্বলা আল বদরু আলাইনা' গেয়ে পতাকা নিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন। জশনে জুলুস ও মিলাদুন্নবী উদযাপন সেই আনন্দ ও ভালোবাসারই ধারাবাহিকতা।
মিলাদুন্নবী উদযাপনকে যারা ‘বিদআত’ আখ্যা দেয় তাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "নবীর জামানায় কওমি মাদ্রাসা, পাকা মসজিদ, মসজিদের এসি, ফ্যান, মাইক, কিংবা বর্তমানে ব্যবহৃত হরফ ও জের-জবরসহ সুবিন্যস্ত কুরআন শরীফ ছিল না। এগুলো সবই পরবর্তীতে এসেছে। অথচ যারা মিলাদুন্নবীকে বিদআত বলে ফতোয়া দেয়, তারা এসব আধুনিক সুবিধা ঠিকই গ্রহণ করছে। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিরুদ্ধাচারণকারীরাই সুন্নি আকিদার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ায়।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ হযরত শাহজালাল (র.), শাহ পরাণ (র.) ও ৩৬০ আউলিয়ার দেশ। অলি-আউলিয়ারা আমাদের যে শান্তির ইসলাম, মানবতার ইসলাম ও দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন, আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথেই অবিচল থাকব। সুন্নি ও সুফি আদর্শের বিরুদ্ধে মওদুদী, সালাফী কিংবা লামাযহাবী অপমতবাদ নিয়ে কোনো চক্রান্ত করা হলে তা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করা হবে।"
জশনে জুলুস ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম, উদযাপন কমিটির সভাপতি মোঃ আবুল কাউছার আশা, সহ-সভাপতি ডাঃ মোঃ নায়েব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান গেলমান, ইসলামিক যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুর রহমান ও সচিব মোঃ আব্দুর রহমান শান্ত, সাংবাদিক শেখ সুমন সহ হিজবুর রাসূল (সা.) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।
আপনার মতামত লিখুন