টানা বর্ষণে পানির নিচে বন্দরের ঐতিহ্যবাহী রামনগর স্কুল: চরম দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা
টানা বর্ষণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৬নং ওয়ার্ডের ১নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী '২২নং রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়' প্রাঙ্গণ ও শ্রেণীকক্ষ পানিতে তলিয়ে গেছে। ১৩ জুলাই সোমবার সকালে গেলে দেখা যায় বিদ্যালয়ের মাঠ ও বারান্দা ছাড়িয়ে মূল প্রবেশদ্বার দিয়ে শ্রেণীকক্ষের ভেতরে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগের মুখে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরেই ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা বিরাজ করছে। ফলে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবারের টানা বর্ষণে পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করেছে। মাঠ ও বারান্দা উপচে নোংরা পানি এখন সরাসরি শ্রেণীকক্ষের ভেতর ঢুকে পড়েছে, যার ফলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শ্রেণীকক্ষের ভেতরে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি চরমভাবে বাড়ছে। চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কায় ভুগছেন অভিভাবকরা। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে বিদ্যালয়ে শিশুদের পাঠানোই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান তারা। "সামান্য বৃষ্টি হলেই স্কুল প্রাঙ্গণে পানি জমে যায়। আর এবার তো ক্লাসরুমের ভেতরেই পানি ঢুকে গেছে। নোংরা পানির কারণে বাচ্চাদের অসুখ-বিসুখ হওয়ার ভয়ে আমরা আতঙ্কে আছি।"
বিদ্যালয়ের এই নজিরবিহীন জলাবদ্ধতা দ্রুত নিরসন করে শিক্ষার স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, এলাকার ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার করা না হলে প্রতি বছরই ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন দুর্ভোগ পোহাতে হবে।
আপনার মতামত লিখুন