রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে পূজা নেতাদের সাথে জেলা পুলিশের বিশেষ মতবিনিময়
আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত শনিবার (১১ জুলাই) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সী।
নিরাপত্তা ও পরিকল্পনা: সভায় রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট আয়োজক কমিটির সঙ্গে পুলিশের সমন্বয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের বক্তব্য: পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম বড় ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।” তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে।
নেতৃবৃন্দের অংশগ্রহণ: সভায় উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রথযাত্রার সার্বিক প্রস্তুতির চিত্র তুলে ধরেন এবং নিরাপত্তার বিষয়ে পুলিশের আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস অংশগ্রহণ করেন। এছাড়াও গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পি সহ ইসকন ও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন