মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: ডি এন রোডে বিশাল বিক্ষোভ ও পথসভা
তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ‘মাদককে না বলুন’ স্লোগানকে সামনে রেখে এক বিশাল মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জুলাই শুক্রবার বাদ জুমা উকিলপাড়া বৃহত্তর ডি এন রোড, নন্দীপাড়া পঞ্চায়েত কমিটি ও যুবসমাজ’-এর যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
জুমার নামাজ শেষে উকিল পাড়ার বৃহত্তর ডি এন রোড এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে "যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করুন", "মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই" এবং "মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসুন" সংবলিত বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপস্থিত থেকে বলিষ্ঠ কণ্ঠে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সারোয়ারুল ইসলাম খান তিনি বলেন মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে বিশ্বগ্রন্থ আল কুরআনের বিকল্প নেই। একমাত্র আল কুরআন ই পারে এই গুনে ধরা যুব সমাজকে আলোর দিশা দেখাতে। তাই আমরা সকলে আজ থেকে মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামলাম।
শ্রমিক নেতা এরশাদ খান তিনি বলেন, "মাদক একটি সমাজ ও পরিবারকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই পাড়ায় পাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।"
সমাজসেবক মো. কাউছার: তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি তোলেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন খলিলুর রহমান ও ইদ্রিস আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা। বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকাকে মাদক মুক্ত না করা পর্যন্ত এই সামাজিক আন্দোলন স্তিমিত হবে না। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি তাদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
উক্ত মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনে এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় মুরব্বি এবং বিপুল সংখ্যক সাধারণ ও যুবসমাজ উপস্থিত থেকে সমাজ সংস্কারের এই লড়াইয়ে একাত্মতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন