অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমাবেশ
মাদক, ফিটিংবাজি, চুরি ও ছিনতাইসহ সকল অনৈতিক কার্যকলাপমুক্ত একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা পঞ্চায়েত ও মসজিদ ভিত্তিক সংগঠন আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আদর্শনগর, নুর মসজিদ, বাড়ৈভোগ ও মদীনানগর এলাকার পঞ্চায়েত কমিটি ও নয়টি মসজিদের ইমাম, মুসল্লি এবং সর্বসাধারণের মিছিলসহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন: কাজী বাড়ী জুমা মসজিদের মোতাওয়াল্লী মাসুম কাজী ও ইমাম মুফতী আবু মুসা, মদীনানগর বায়তুল জান্নাহ জামে মসজিদের ক্যাশিয়ার জাকির হুসাইন দেলোয়ার ও ইমাম মাওলানা রেজাউল করীম সুলতানী, আদর্শনগর পঞ্চায়েত কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, বাড়ৈভোগ বটতলা মসজিদের সভাপতি মীর জাকারিয়া জাকির মেম্বার ও ইমাম মুফতী সিফাতুল্লাহ, আদর্শনগর আল-আকসা মসজিদের সেক্রেটারি জুয়েল প্রধান, সহ-সভাপতি রিপন দপ্তরী ও ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান, বায়তুল জামাল জামে মসজিদের সভাপতি শাহীন আহমদ ও ইমাম মুফতী আব্দুশ শাকুর, নুর মসজিদের ইমাম মাওলানা আলী আকবার, খানকা মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালীম, আল-মদীনা মসজিদের সেক্রেটারি এডভোকেট সুমন কাজী ও ইমাম মাওলানা জুনায়েদ আহমদ এবং মাওলানা জাকির হুসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, "যারা বর্তমানে অন্যায় ও নেশার সাথে জড়িত, তারা ভিনদেশি কেউ নয়—তারা আমাদেরই সন্তান। তারা ভুল পথে পা বাড়িয়েছে বলে সমাজ আজ কলুষিত। অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তাদের অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনা। আমরা আপনাদের সঠিক পথে ফিরে আসার উদাত্ত আহ্বান জানাই। আপনাদের পুনর্বাসন ও স্বাভাবিক কর্মসংস্থানে যেকোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি।"
বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, "আমাদের এই সহমর্মিতাকে কেউ দুর্বলতা ভাববেন না। যদি আমাদের সন্তানদের জীবন ও এলাকার শান্তি নষ্ট করার এই অপচেষ্টা বন্ধ না হয়, তবে আমরা আইনগত ও সামাজিকভাবে চরম কঠোর হতে বাধ্য হবো।"
আপনার মতামত লিখুন