গণহত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
সারাদেশে গণহত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
মিরপুরের পল্লবীতে শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত গণহত্যা, শিশু ধর্ষণ, নৈরাজ্য ও চরম বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ (২০ মে) রাত ৯:০০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনাস আহমদের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, "আজ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম তলানিতে গিয়ে ঠেকেছে। মিরপুরের পল্লবীতে অবোধ শিশু রামিসাসহ দেশজুড়ে যেভাবে একের পর এক শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অপরাধীরা রাজনৈতিক বা অন্য যেকোনো ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে বলেই দেশে আজ নৈরাজ্য ও বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসেছে। আমরা অবিলম্বে শিশু রামিসাসহ দেশজুড়ে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।"
সভাপতির বক্তব্যে আনাস আহমদ বলেন, "একটি স্বাধীন দেশে এভাবে সাধারণ মানুষের ওপর অব্যাহত গণহত্যা, শিশু নির্যাতন ও নৈরাজ্য চলতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাত্রসমাজকে সাথে নিয়ে যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সর্বদা রাজপথে সোচ্চার থাকবে। অনতিবিলম্বে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং বিচারহীনতার এই কালো অধ্যায়ের অবসান ঘটাতে হবে।"
উক্ত বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ নাঈম হাসান, সাবেক মহানগর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম, তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম এবং ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা প্রমুখ।
আপনার মতামত লিখুন