চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে চর কাশীপুর এম. এন. স্কুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মাসব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী সোহাগ বলেন- পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
ও-ই সংগঠনের কার্যকরী সদস্য মোঃ আলমগীর বলেন- গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণই সবচেয়ে কার্যকর উদ্যোগ। সবাইকে এ ধরনের কর্মসূচীতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।
ও-ই সংগঠনের সদস্য আলহাজ্ব ইসহাক সরকার বলেন- বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক কর্মসূচী নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর এ-ই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয়।
ও-ই সংগঠনের সদস্য আমান উল্লাহ আমান বলেন- সামাজিক সংগঠনগুলোর উচিত মানব কল্যাণ মূলক কার্যক্রমের পাশাপাশী পরিবেশ সংরক্ষণেও অগ্রণী ভূমিকা পালন করা। এ-ই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।
ও-ই সংগঠনের ইভেন্ট ম্যানেজার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ বলেন- মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আমরা সফলভাবে এ কর্মসূচীর উদ্বোধন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ্। আমরা চাই, এ-ই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাক এবং সবাই অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করুক।
অনুষ্ঠানে ও-ই সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। বক্তারা পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সমাপনীতে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ সকলের প্রতি আহ্বান জানায়- গাছ লাগান, পরিবেশ বাঁচান; একটি গাছ, একটি প্রাণ, একটি সবুজ ভবিষ্যৎ। আয়োজকরা জানান- মাসব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন