ইসলামী ব্যাংক রক্ষা ও সুশাসনের দাবিতে সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সুশাসন পুনরুদ্ধার, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গ্রাহক আস্থা বৃদ্ধির লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ‘নারায়ণগঞ্জের চিটাগাং রোড ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় ঐক্য পরিষদ’।
রোববার (২৪ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড মুক্তি সরণি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ বরাবর স্মারকলিপি প্রদান করেন গ্রাহকরা।
সংকট ও উদ্বেগ স্মারকলিপিতে গ্রাহকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, একসময় দেশের সবচেয়ে আস্থাশীল ব্যাংক হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি এখন নজিরবিহীন সংকটের মুখে। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংকটির সুশাসন ভেঙে পড়ে এবং বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনা ঘটে। গ্রাহক প্রতিনিধি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, ‘ব্যাংকের বর্তমান অস্থিতিশীল পরিবেশের কারণে আমানতকারীরা আতঙ্কিত হয়ে টাকা তুলে নিচ্ছেন, যা ব্যাংকের সামগ্রিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।’
ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে শঙ্কা স্মারকলিপিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়। গ্রাহকদের দাবি, তাকে ছুটিতে পাঠানোর পর থেকেই আমানত সংগ্রহের হার আশঙ্কাজনকভাবে কমেছে। এমডি-কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে ব্যাংকের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
গ্রাহকদের ৪ দফা দাবি সংকট উত্তরণে ঐক্য পরিষদের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়:
১. পুনর্বহাল: আতঙ্কিত গ্রাহকদের আস্থা ফেরাতে এমডি ওমর ফারুক খানের ছুটি বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে।
২. শেয়ার নগদায়ন: এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়ন করে সেই অর্থ দিয়ে তাদের ঋণ ও দায় পরিশোধ করতে হবে।
৩. বিশেষ ট্রাইব্যুনাল: ব্যাংকিং খাতে সংঘটিত আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলম গ্রুপের বিচার নিশ্চিত করতে হবে।
৪. কুচক্রী বহিষ্কার: ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্টকারী এএমডি কামালুদ্দিন জসীমসহ এস আলম গ্রুপের দোসর ও অনিয়মের সাথে জড়িতদের অবিলম্বে বহিষ্কার করতে হবে।
সতর্কবার্তা কর্মসূচি শেষে গ্রাহক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের কোটি মানুষের আমানত ও আস্থার এই ব্যাংকটি বাঁচাতে অতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। দাবি মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে।’
আপনার মতামত লিখুন