বন্দরে সৌদি পাঠানোর নামে ৮ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ
নারায়ণগঞ্জের বন্দরে সৌদি আরব পাঠানোর নামে প্রতারণা করে ৮ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার দালালের খপ্পরে পড়ে আজ সর্বস্বান্ত। বিদেশের হসপিটালে ক্লিনার পদে কাজের স্বপ্ন দেখিয়ে দুই যুবককে পাঠানো হলেও সেখানে নিয়ে তাদের কোনো কাজ বা বৈধ কাগজপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ ইব্রাহিম (৬৪) জানান, বিগত ৭ মাস আগে তার ভাগ্নি জামাতা মোঃ সজিব হাওলাদার ও নাতি মোঃ জুনাইদকে (২২) সৌদি আরবে ভালো বেতনে পাঠানোর বিষয়ে বিবাদী মোসাঃ উন্মে হানী ডলির সাথে কথা হয়। গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্টাম্পের মাধ্যমে চুক্তি করে অগ্রিম ৬ লাখ ৫৫ হাজার টাকা আদায় করেন ওই দালাল। পরবর্তীতে ভিসার কথা বলে আরও ১ লাখ ৬৫ হাজার টাকা নেওয়া হয়।
ভুক্তভোগীদের সৌদি আরব পাঠানোর পর থেকে শুরু হয় চরম ভোগান্তি। সেখানে তাদের কোনো কাজের ব্যবস্থা না করে উল্টো খাবার ও বাসস্থানের সংকটে ফেলা হয়। ইব্রাহিম জানান, "আমার ভাগ্নি জামাতা সজিবকে কোনো কাজ না দেওয়ায় তাকে আমরা আরও ৫০ হাজার টাকা খরচ করে বাংলাদেশে ফিরিয়ে এনেছি। কিন্তু আমার নাতি জুনাইদ সেখানে মানবেতর জীবন যাপন করছে। অবৈধভাবে একটি দোকানে তাকে কাজ দিলেও কোনো বেতন দেওয়া হচ্ছে না। এমনকি আমরা খবর পেয়েছি সেখানে নেশাজাত দ্রব্যের ব্যবসা হয়, যা জুনাইদের নিরাপত্তার জন্য বড় হুমকি।"
অভিযোগকারী আরও জানান, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে তিনি বিষয়গুলো নিয়ে কথা বলতে তিনগাঁও এলাকায় বিবাদীর দোকানে গেলে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেন। বর্তমানে জুনাইদ সৌদিতে বৈধ কাগজপত্র ছাড়াই জীবন শঙ্কায় রয়েছেন। ভুক্তভোগী পরিবার তাদের পাওনা টাকা ফেরত এবং জড়িত দালালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন