নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬'। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলা স্থানীয় ও জাতীয় পর্যায়ে পাটপণ্যের প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, "পাট আমাদের জাতীয় সম্পদ। বর্তমান বিশ্বের পরিবেশ সচেতনতার এই সময়ে পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে আমরা শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব না, বরং পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি। নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, এমপি, ।
বক্তারা দেশীয় পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পাটসংশ্লিষ্ট শিল্পের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন: "পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ। পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন পাটজাত পণ্যের প্রসার ঘটাতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। পাটশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির। তারা মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মাসব্যাপী মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা ও স্বনামধন্য প্রতিষ্ঠান মেলায় তাদের স্টল সাজিয়েছে। প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে রয়েছে:পাটের তৈরি আধুনিক ব্যাগ ও অফিস সরঞ্জাম।ঘর সাজানোর শৌখিন আসবাব ও হস্তশিল্প।পাটের তৈরি পরিধেয় বস্ত্র ও জুতা।পরিবেশবান্ধব প্যাকেজিং সামগ্রী।
নারায়ণগঞ্জের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথম দিনেই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মেলাটি আগামী একমাস চলবে এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
আপনার মতামত লিখুন